বিশ্বকাপের বিরতি শেষে ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল ভোরে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের শুরুর দিকেই মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের উত্তেজনা ও ছুটি কাটিয়ে অবশেষে মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তাঁর সঙ্গে অনুশীলনে দেখা গেছে সতীর্থ রদ্রিগো দি পলকেও। এমএলএস মৌসুম পুনরায় শুরুর পর এটিই ছিল তাঁদের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন। কলম্বাস ক্রুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দলে দুজনকেই রাখছেন প্রধান কোচ গিয়েরমো হোয়োস।
মেসির দলে ফেরা নিয়ে আশাবাদী কোচ হোয়োস বলেন, ‘মেসি দলের সঙ্গে যোগ দিয়েছে। এখনো তার সঙ্গে বিস্তারিত কথা বলার সুযোগ হয়নি, তবে সে ও দি পল ফেরায় আমরা সবাই অত্যন্ত আনন্দিত।’
চলতি লিগে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে ইন্টার মায়ামি। ১১ জয়, ২ হার ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে তারা। শীর্ষস্থানে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে থাকা ফ্লোরিডার ক্লাবটি আগামীকাল টানা সপ্তম জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
এদিকে মায়ামির হয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচ খেলতে প্রস্তুত ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। এর আগে মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে মায়ামির জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল। ওই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপ বিরতির পর চমৎকার ফর্মে থাকা এই উরুগুইয়ান ফরোয়ার্ড শেষ দুই ম্যাচে তিন গোল এবং মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে মোট ছয়টি গোল করেছেন।
দেশবার্তা/একে