যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে ভুক্তভোগী কলেজছাত্রী চৌগাছায় আসছিলেন। পথে আরাফাত তাকে মোটরসাইকেলে তুলে নেন। পরে পৌর শহরের নিরিবিলিপাড়ার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানান। পরে তার মা শনিবার রাতে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আরাফাতকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, “ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। মামলার আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা আরাফাত হোসেন রাব্বিকে দল থেকে বহিষ্কার করেছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদল নেতারা জানান, কোনো অপরাধের সঙ্গে দল জড়িত নয়। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ