যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় স্থানীয় খুচরা বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এক দিনের ব্যবধানে বাজারে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম ১০০ টাকা পর্যন্ত কমেছে।
রোববার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যা শনিবার ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার অনুমতি দেওয়ায় দেশের বাজারে সরবরাহ বেড়ে এ দরপতন ঘটেছে, যা নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত পাঁচ চালানে মোট ৮০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এর মধ্যে প্রথম চালানে সোমবার ৯.২ টন, মঙ্গলবার ৪২.২২ টন, বৃহস্পতিবার ১৪ টন এবং সবশেষ শনিবার সন্ধ্যায় এক ট্রাকে ১৫ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
মরিচ আমদানিকারক আমিনুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দেশের খেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল এবং দাম ৩০০ টাকা ছাড়িয়ে যায়। ভারত থেকে প্রতি টন মরিচ ৩০০ ডলার মূল্যে আমদানি এবং ৫০০ ডলার শুল্কায়ন মূল্যে কাস্টমস শুল্কায়ন করছে। ফলে কেজিপ্রতি শুল্ক দিতে হচ্ছে প্রায় ৩৮ টাকা। সরকার শুল্ক হারের সমন্বয় করলে দাম আরও কমানো সম্ভব হতো বলে জানান তিনি।
বাজারের খুচরা বিক্রেতা আলাল মিয়া জানান, সরবরাহ বাড়ায় মোকামে দাম কমেছে, ফলে তাঁরাও কম দামে বিক্রি করতে পারছেন। এতে ক্রেতার সংখ্যা ও বিক্রি দুটোই বেড়েছে। কেনাকাটা করতে আসা বাবলুর রহমান নামের এক সাধারণ ক্রেতা জানান, আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, দ্রুততম সময়ে আমদানি করা কাঁচা মরিচের নমুনা পরীক্ষা ও আইনি প্রক্রিয়ার ছাড়পত্র দিয়ে খালাস নিশ্চিত করা হচ্ছে, যাতে ব্যবসায়ীরা সরাসরি বাজারে সরবরাহ বাড়াতে পারেন।
দেশবার্তা/একে