বাংলাদেশ ও ভারতের বিদ্যমান যেকোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রথম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৈঠকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হলেও এটি দুই দেশের জনপ্রতিনিধিদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ বৈঠক ছিল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নমনীয় আচরণের ভূয়সী প্রশংসা করেন।
দুই দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক ও বিভিন্ন ইস্যু প্রসঙ্গে হাইকমিশনার বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পারস্পরিক ইস্যু থাকাটা স্বাভাবিক। কিন্তু এমন কোনো জটিল সমস্যা নেই, যা উভয় দেশ আলোচনার টেবিলে বসে সমাধান করতে পারে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ থাকলে তা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে এবং দুই দেশের সাধারণ মানুষও এই সুসম্পর্ক প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের কেবল ভৌগোলিক সীমান্তই এক নয়, আমরা একই সঙ্গে স্বপ্নও ভাগাভাগি করি। দুটি দেশের ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক বাস্তবতাকে পরিবর্তন করা সম্ভব নয়। আগামী দিনে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা বা বিষয় নিয়ে কথা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি সামগ্রিক সমস্যাগুলো আলোচনার টেবিলে সমাধানের ওপর জোর দেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলে তা দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে বলে আশাপ্রকাশ করেন।
বাংলাদেশে দায়িত্ব পালনের গত দুই মাসের অনুভূতি জানিয়ে ভারতীয় দূত বলেন, এ দেশের সাধারণ মানুষের কাছ থেকে তিনি অপরিসীম ভালোবাসা, সম্মান ও আতিথেয়তা পেয়েছেন।
দেশবার্তা/একে