বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শেষ হওয়ার তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হলেও, দুই নেতার মধ্যকার আলোচনার বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেওয়া হয়নি।
আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ।
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরির প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
এর আগে, গত ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরিচয়পত্র পেশের এক মাস পর, গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
উল্লেখ্য, গত এপ্রিলে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক ইতিহাসে ভারত এই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে ঢাকায় পাঠালো। নতুন দায়িত্বে যোগ দিতে তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আসেন।