অনুমতি ছাড়া নিজের নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তৈরি যেকোনো কনটেন্টের অননুমোদিত ব্যবহার বন্ধে বড় আইনি জয় পেয়েছেন বলিউড অভিনেত্রী টাবু।
অভিনেত্রীর ব্যক্তিত্ব ও প্রচার স্বত্ব সুরক্ষায় দেওয়া এক অন্তর্বর্তীকালীন নির্দেশনায় দিল্লি হাইকোর্ট এই নিষেধাজ্ঞা জারি করেন। বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চ রায়টি প্রদান করেন।
আদালতের আদেশে গুগল, মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রাম), এক্স (সাবেক টুইটার) এবং রেডিটের মতো প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে টাবুর নাম ও ছবি সংবলিত ১৫০টিরও বেশি বিভ্রান্তিকর লিংক (ইউআরএল) দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে।
এই নির্দেশনার ফলে টাবুর প্রকৃত নাম ‘তাবাসসুম ফাতিমা হাশমি’, তাঁর মঞ্চ নাম ‘টাবু’, স্থিরচিত্র, চলচ্চিত্রের দৃশ্য, কণ্ঠস্বর, স্বাক্ষর এবং এআই বা ডিপফেকের মাধ্যমে তৈরি যেকোনো প্রযুক্তিগত কনটেন্ট অননুমোদিত বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলো।
একই সঙ্গে তাঁর অনুমতি ছাড়া ছবি বা নাম ব্যবহার করে ব্যবসায়িক পণ্য বিক্রি বা বিপণনেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে টাবুর বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য বা সাক্ষাৎকার এআই দিয়ে বিকৃত ও অশালীন কনটেন্টে রূপান্তর করার অভিযোগ ওঠে। পাশাপাশি তাঁর নামে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে বাণিজ্যিক বুকিং নেওয়া ও ভুল তথ্য প্রচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছিল। এ সব অনিয়মের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় আদালতের দ্বারস্থ হন এই অভিনেত্রী।
দেশবার্তা/একে