বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সালমান শাহ হত্যা মামলার আসামি হওয়ার কারণে ডনের বিদেশযাত্রায় আইনি নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের ‘স্টপ লিস্টে’ তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল।
রোববার সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরবর্তীতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, সালমান শাহ হত্যা মামলার ১১ এজাহারভুক্ত আসামির তালিকায় ডনের নাম রয়েছে। আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে রিকুইজিশন পাঠিয়েছিলেন। গ্রেপ্তার দেখানোর পর আসামিকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
দেশবার্তা/একে