টানা পাঁচ দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার পর অবশেষে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘বালিকা বধূ’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অবিকা গৌর। হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে জানা গেছে, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা পোস্ট করে অবিকার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তাঁর স্বামী মিলিন্দ চান্দওয়ানি।
তিনি জানান, তীব্র শারীরিক কষ্ট সত্ত্বেও পেশাগত প্রতিশ্রুতি বা ডেডিকেশন বজায় রাখতে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েই টানা পাঁচ দিন শুটিং করে গেছেন এই অভিনেত্রী। নিজের অসুস্থতার চেয়ে প্রজেক্টের সহকর্মী ও অন্যান্যদের সময়কে বেশি প্রাধান্য দিতে গিয়েই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। মিলিন্দ ভক্তদের কাছে অবিকার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন।
অবিকার শুটিং টিমের একজন সদস্য জানান, সেটেই তাঁর অবস্থা করুণ হয়ে উঠেছিল। তিনি ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না এবং খাবার খেতে না পেরে কেবল ওআরএস খেয়েই দিনভর শুটিংয়ের কাজ চালিয়ে গেছেন।
উল্লেখ্য, তুমুল জনপ্রিয় ‘বালিকা বধূ’ ধারাবাহিকে ছোট আনন্দী চরিত্রে অভিনয় করে শৈশবেই ব্যাপক খ্যাতি অর্জন করেন অবিকা গৌর। পরবর্তীতে তিনি টেলিভিশন ও ওটিটির একাধিক সফল প্রজেক্টে কাজ করেছেন। দীর্ঘদিন প্রেমের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
দেশবার্তা/একে