বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ করতে আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’।
শনিবার (৮ আগস্ট) সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার স্যালুট’ দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
ফ্লাইট উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, সৌদি আরবকে বিশ্বের প্রধান প্রধান শহরের সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের প্রধান লক্ষ্য। এই নতুন সার্ভিসের মাধ্যমে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হলো, যা দুই দেশের বাণিজ্য বৃদ্ধি ও অবকাশযাপনের জন্য আসা-যাওয়া করা যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে প্রতিদিন সরাসরি এই ফ্লাইট পরিচালিত হবে।
উভয় দেশের স্থানীয় সময় অনুযায়ী ফ্লাইটের সময়সূচি
রিয়াদ থেকে ঢাকা: রাত ৯টা ২০ মিনিটে রিয়াদ থেকে রওনা হয়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঢাকা থেকে রিয়াদ: সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদ পৌঁছাবে।
দেশবার্তা/একে