ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত মুহূর্তের সাক্ষী সেই ঐতিহাসিক বলটি এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও দর্শনীয় ‘গোল অব দ্য সেঞ্চুরি’র স্মৃতিবিজড়িত বলটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ৭৫ লাখ (১২৪ কোটি) টাকা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ আগামী ২১ থেকে ২৩ আগস্ট বলটির নিলাম আয়োজন করবে। নিলামে বলটির প্রাথমিক ভিত্তি মূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার।
তবে আয়োজকদের প্রত্যাশা, ফুটবল ইতিহাসের অন্যতম প্রধান এই স্মারকটির দর শেষ পর্যন্ত আট অঙ্কের ঘরে (১ কোটি ডলার) গিয়ে ঠেকবে।
হেরিটেজ অকশনসের স্পোর্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার বলেন, "ফুটবল ইতিহাসে এটি নিঃসন্দেহে সবচেয়ে ঐতিহাসিক বল। একই ম্যাচে ম্যারাডোনার করা দুটি গোলই খেলাটির ইতিহাসে অমর হয়ে রয়েছে।"
১৯৮৬ সালে মেক্সিকোর ঐতিহ্যবাহী আসতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা- রেফারিকে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। ম্যাচ শেষে নিজের সেই বিতর্কিত গোল নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘গোলটি একটু ম্যারাডোনার মাথার আর একটু ঈশ্বরের হাতের ছোঁয়ায় হয়েছে।’
কেবল বিতর্কই নয়, এই একই বল দিয়ে ফুটবলপ্রেমীদের চোখ ধাঁধানো এক নৈপুণ্য উপহার দেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডার ও গোলরক্ষককে ড্রিবলিংয়ে পরাস্ত করে শতাব্দীর সেরা গোলটি (Goal of the Century) করেন তিনি। ২-১ গোলের সেই জয়ে সেমিফাইনালে পৌঁছে শেষ পর্যন্ত বিশ্বমুকুট জয় করে আর্জেন্টিনা।
২০২০ সালের নভেম্বরে প্রয়াত হন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। ফুটবল স্মারকের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল বিক্রির রেকর্ডটিও তার দখলে। এর আগে ২০২২ সালে সেই ঐতিহাসিক ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি নিলামে ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এবার একই ম্যাচের বলটি নতুন কোনো বিশ্বরেকর্ড গড়ে কি না, সেটাই এখন দেখার বিষয়।
দেশবার্তা/একে