দীর্ঘ দুই বছর পর যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে ফিরেছেন দর্শকপ্রিয় জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল মারিয়া নূর। এবার কোনো কাজের উদ্দেশ্যে নয়, কেবল পরিবারকে সময় দিতেই তাঁর এই আগমন। দেশে ফিরে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের একটি বিশেষ পডকাস্টে, যেখানে নিজের ক্যারিয়ার ও জীবনের নানা অজানা তথ্য শেয়ার করেছেন তিনি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আয়োজিত এই পডকাস্টে মারিয়া নূর জানান, শৈশবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে কাজ করে তাঁর পারিশ্রমিক মিলত মাত্র ১২০ থেকে ১৫০ টাকা, যা সে সময়ে তাঁর কাছে ছিল বিশাল প্রাপ্তি। পরবর্তীতে ১৭ বছর আগে একটি বেসরকারি রেডিওতে রেডিও জকি (আরজে) হিসেবে পেশাদার কর্মজীবন শুরু করেন, যেখানে তাঁর প্রথম বেতন ছিল মাসিক মাত্র পাঁচ হাজার টাকা। সেই সাধারণ শুরু থেকে কঠোর পরিশ্রমে তিনি হয়ে ওঠেন দেশের ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম শীর্ষ উপস্থাপিকা।
রেডিও ও টিভির ছোট পর্দা পেরিয়ে মডেলিংয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ এ অভিনয় করে দারুণ প্রশংসিত হন মারিয়া নূর।
এরপর ওপার বাংলা থেকেও আসে বেশ কিছু বড় কাজের প্রস্তাব। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক এবং অঞ্জন দত্তের চলচ্চিত্রে অভিনয়ের সুবর্ণ সুযোগ পাওয়ার পরও কেন তিনি অভিনয় করেননি- পডকাস্টের সেই গোপন ও বিশেষ কারণটি অকপটে উন্মোচন করেছেন এই উপস্থাপিকা।
জেড আই ফয়সাল প্রযোজিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর এই পর্বটি শনিবার (৮ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে সম্প্রচারিত হবে।
দেশবার্তা/একে