মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ে দেওয়া মন্তব্যের সঙ্গে নয়াদিল্লির কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (৮ আগস্ট) আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের কোনো ভূমিকা বা অবদান ছিল না। তিনি উল্লেখ করেন, এটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিং ছিল। তাই সেখানে দেওয়া কোনো বক্তব্যের দায়ভার ভারত সরকারের ওপর বর্তায় না।
ব্রিফিংয়ে শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের বক্তব্যের তীব্র সমালোচনা বা অসমর্থন পুনর্ব্যক্ত করে ভারতীয় এই কূটনীতিক স্পষ্ট জানিয়ে দেন, ওই অনুষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের গঠিত সরকার ব্যবস্থা নিয়ে দেওয়া কোনো মন্তব্যকে ভারত সরকার সমর্থন করে না।
একই ব্রিফিংয়ে হাসিনাপুত্র সজীব ওয়াজেদের সাম্প্রতিক মন্তব্য- যেখানে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসী পরিস্থিতির আশঙ্কা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন- সে বিষয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র ভিন্ন বার্তা দেন।
রণধীর জয়সওয়াল বলেন, ভারত সব সময় নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখে, বিশেষ করে যা দিল্লির জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সেই অনুযায়ী ভারত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।
দেশবার্তা/একে