সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। নিহতদের মধ্যে বাউল শিল্পী পেহেলী ভৈরবীও রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।
নিহত বাউল শিল্পী পেহেলী ভৈরবীর বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবে। তিনি বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকায় গান পরিবেশন করতে এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহতদের মধ্যে পরিচয় পাওয়া অপর তিনজন হলেন সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন।
গান গেয়ে মানুষের হৃদয় জয় করা এই উঠতি বাউল শিল্পীর আকস্মিক মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত-অনুরাগীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিনিধি/আরএইচ