দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছরপূর্তি (হীরকজয়ন্তী) উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরে প্রধান অতিথি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে একটি লটকন গাছের চারা রোপণ করেন।
এরপর ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দিপই ৬০ বছর উদ্যাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও দিপই ৬০ বছর উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমীন এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিপই ৬০ বছরপূর্তি উদ্যাপন কমিটির সদস্যসচিব মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান সোহেল, সাধারণ সম্পাদক মনজুর মুর্শেদ সুমন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬০ বছরপূর্তি অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন। এই শিক্ষাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বর্তমান সরকার। দেশকে স্বাবলম্বী করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
প্রতিনিধি/আরএইচ