সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ক্রাইম ওয়েব সিরিজ ‘দ্য স্টেয়ারকেস’ দেখে একই কৌশলে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ভারতের রাজধানী দিল্লির এক সফটওয়্যার প্রকৌশলীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর স্ত্রীর জমানো প্রায় সাড়ে ১২ লাখ টাকা নিয়ে চম্পট দিলেও ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত স্বামী কমল সিংকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ৩০ জুলাই বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত কমল সিং বারান্দায় কাপড় শুকাতে থাকা স্ত্রী কোমল সিংকে পেছন থেকে ধারালো অস্ত্র ও কাঁচি দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করেন। ঘটনার পর রক্তমাখা পোশাক বদলে স্ত্রীর রাখা পাঁচ লাখ টাকা এবং ব্যাংক হিসাব থেকে পৌনে সাত লাখ টাকা তুলে স্কুটারে করে পালিয়ে যান তিনি।
ওইদিন রাতে তাদের ছেলে গৌরব সিং বাড়ি ফিরে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে আলামত গোপন করে মথুরায় পালিয়ে থাকা কমলকে রেলস্টেশনের কাছ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, ‘দ্য স্টেয়ারকেস’ ওয়েব সিরিজটি দেখে তিনি হত্যা ও পরবর্তী সময়ে আলামত নষ্ট করে তদন্তকারীদের বিভ্রান্ত করার পরিকল্পনা সাজিয়েছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মুম্বাই সফরের সময় কমলের অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এবং সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। সম্প্রতি জগৎপুরীতে একটি জমির মালিকানা নিজের বাবার নামে করা নিয়ে স্ত্রী কোমলের সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌঁছায়।
পুলিশ মনে করছে, সম্পত্তি নিয়ে এই বিরোধই মর্মান্তিক এই হত্যাকাণ্ডের প্রধান কারণ।
দেশবার্তা/একে