নতুন সিনেমা ‘শিকার’-এর কাজ উপলক্ষে বর্তমানে নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে গিয়ে পোখারার অত্যন্ত উঁচুতে অবস্থিত অন্নপূর্ণা ক্যাব্ল কারে চেপে এক রোমাঞ্চকর ও ভীতিপ্রদ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে ক্যাব্ল কারে চড়ার সেই অনুভূতির কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন অপু বিশ্বাস। মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার চেয়েও নেপালের এই ঝুলন্ত সফরকে বেশি চ্যালেঞ্জিং ও ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি।
লাইভের ক্যাপশনেও নিজের ভয়ের কথা অকপটে স্বীকার করে লেখেন, “ভীষণ ভয় লাগছে।”
রোমাঞ্চকর এই ভ্রমণে নিজে ভয় পেলেও ভক্তদের সতর্ক করে দিয়ে অপু বিশ্বাস পরামর্শ দেন, যাদের উচ্চতা ভীতি (অ্যাক্রোফোবিয়া) বা হার্টের দুর্বলতা রয়েছে, তারা যেন এই ক্যাব্ল কারে না ওঠেন।
এই ভ্রমণের সময় সন্তানকে ভীষণভাবে মিস করছেন জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন নায়িকা। পাশাপাশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনুরাগীরাই তাঁর আসল শক্তি। এ সময় একটি বিশেষ প্রতিযোগিতার ঘোষণাও দেন তিনি।
লাইভে যারা সবচেয়ে বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সার্ভিস এবং উপহার হিসেবে আকর্ষণীয় পোশাক দেওয়া হবে বলে জানান অপু বিশ্বাস।
দেশবার্তা/একে