গল্পের প্রয়োজনে ক্যামেরার সামনে নানা রূপে নিজেদের মেলে ধরতে হয় অভিনয়শিল্পীদের। অনেক সময় চিত্রনাট্যের টানে পর্দায় ফুটিয়ে তুলতে হয় আবেগঘন কিংবা রোমান্টিক দৃশ্য। তবে ছোট পর্দায় বা সিনেমাহলে সেসব দৃশ্য দেখতে যতটা সাবলীল মনে হয়, শুটিং ফ্লোরে ক্যামেরাবন্দী করা কিন্তু ততটা সহজ নয়।
এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে বিশেষ মানসিক প্রস্তুতি ও সহশিল্পীর সঙ্গে স্বস্তির পরিবেশ কতটা জরুরি- তা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের তরুণী অভিনেত্রী অঙ্গনা রায়।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রোমান্টিক দৃশ্যের পেছনের প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত।
ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ফ্লোরের অভিজ্ঞতা জানিয়ে অঙ্গনা বলেন, আমার মাথায় সবসময় কাজ করে এর পর একটি চুম্বন দৃশ্য আসতে যাচ্ছে, যার জন্য একটা মানসিক প্রস্তুতি আর স্বস্তির দরকার হয়। হুট করেই তা ফুটিয়ে তোলা যায় না।
অভিনেত্রীর কথার সঙ্গে সুর মিলিয়ে অভিনেতা বনি সেনগুপ্ত যোগ করেন, শুটিং করার সময় সবসময় মাথায় রাখতে হয় যে সহশিল্পী যেন কোনোভাবেই অস্বস্তিতে না পড়েন। একই সাথে দৃশ্যটি যেন পর্দায় নান্দনিকভাবে ফুটে ওঠে।
পর্দায় নিখুঁত রসায়ন ফুটিয়ে তোলার বিষয়ে অঙ্গনা স্পষ্ট করে বলেন, পর্দায় চুমু খাওয়া বা ভালোবাসার প্রকাশটাও একধরনের শিল্প। সময় নেই, তাই খুব তাড়াহুড়ো করে শেষ করতে হবে- এমন ভাবনা থাকলে চলবে না। তা না হলে দৃশ্যটি দেখতে ভীষণ দৃষ্টিকটু লাগবে।
টালিউডে এবারই প্রথম নতুন জুটি হিসেবে দেখা মিলছে বনি সেনগুপ্ত ও অঙ্গনা রায়ের। নতুন প্রজন্মের ভালোবাসার গল্প নিয়ে তৈরি ‘প্রেম শর্টস’ নামের একটি সিরিজে সম্প্রতি একসাথে কাজ করেছেন তাঁরা।
দেশবার্তা/একে