পার্বত্য চট্টগ্রামে যুগের পর যুগ আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। জাতিগত অধিকার, ভূমি অধিকারসহ মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাহাড়ি নেতারা।
রোববার (৯ আগস্ট) সকালে জেলা শহরের মারমা উন্নয়ন সংসদে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়।
এর আগে লারমা স্কয়ার চত্বরের খোলা মঞ্চে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। এতে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা গান ও নৃত্যের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি ও অধিকারের দাবি তুলে ধরেন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পাহাড় ও সমতলে বসবাসকারী জাতিগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। তারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি করে জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। চুক্তি বাস্তবায়নের পরিবর্তে অন্যরা এর ফায়দা লুটছে।
বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানান।
তারা আরও বলেন, পাহাড়কে মেধাশূন্য জাতিতে পরিণত করতে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া নতুন ষড়যন্ত্র। আগামী ছয় মাসের মধ্যে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জুম্ম জনগণ আর বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় জুম্ম জনগণকে আরও সচেতন হওয়ারও তাগিদ দেওয়া হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সুজন চাকমা ঝিমিট। স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব সুদর্শন চাকমা।
সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনায় আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, লেখক ও গবেষক তানিম নওশাদ, বাংলাদেশ জনতার সংসদের সভাপতি মাহফুজুর রহমান শামীম এবং পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
প্রতিনিধি/আরএইচ