দুই দেশের সরকার পর্যায়ে চমৎকার সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী জাতীয় প্রতিবেদকবাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের বহুমাত্রিক সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (৯ আগস্ট) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নির্মিত খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের শীর্ষ প্রধানরা একসঙ্গে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। দুই দেশের মানুষ এক আছে, কোনো নেতিবাচকতা নেই; তাই সমাধান হবেই।’
বাংলাদেশ ও ভারতের সার্বিক কূটনৈতিক সম্পর্ক ও ভৌগোলিক অবস্থানের ওপর গুরুত্ব আরোপ করে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের আচরণ অত্যন্ত ইতিবাচক এবং চমৎকার।
দুই দেশের জনগণের সুসম্পর্ক যেভাবে বিদ্যমান, ঠিক তেমনিভাবে সরকার পর্যায়েও এ সুদৃঢ় সম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে ভারতীয় ভিসার ক্রমবর্ধমান চাহিদা প্রসঙ্গের উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার জানান, ভিসা কার্যক্রম সুগম ও সহজ করতে ভিসা আবেদন কেন্দ্রের পরিধি বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। একই সাথে সাধারণ আবেদনকারীদের যাতায়াত ও প্রসেসিং খরচ কমানো এবং প্রতিদিনের ভিসা প্রসেসিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় হাই কমিশন কাজ করে যাচ্ছে।
দেশবার্তা/একে