‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মুশফিকুর রহমান, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মণ্ডল, গোলাম কিবরিয়া ও রোস্তম আলী প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, সঠিক নিয়মে গাছ রোপণ ও পরিচর্যা করলে দেশ সবুজে পরিণত হবে। তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
তিনি বলেন, আগামীতে জেলার সাত উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ১২ লাখ গাছের চারা রোপণ করা হবে।
আলোচনা সভা শেষে ১০০ শিক্ষার্থীর মধ্যে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।
মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ৩০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৬ আগস্ট মেলা চলবে। অনুষ্ঠানে বিভিন্ন নার্সারি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আক্তার।
প্রতিনিধি/আরএইচ