জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁর ছেলে আশকর আলী (৪০) ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে তাঁর নিজ ঘরে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘদিন পর আদালত আশকর আলী ও জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
প্রতিনিধি/আরএইচ