জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়করবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ কর অঞ্চল-২-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ময়মনসিংহ কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রেঞ্জ-৪-এর যুগ্ম কর কমিশনার এস এম গালিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পিসহ অন্যরা।
বক্তারা বলেন, পিএসআর যাচাইয়ের মূল উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়; বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা।
তাঁরা প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে কর পরিশোধের আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা আয়করসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ গ্রহণ করেন।
প্রতিনিধি/আরএইচ