২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জন জিপিএ-৫ অর্জন করেছে।
এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কলেজটির ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ অর্জন করেছিল।
সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ এস এম ফয়সল ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানান। তিনি বলেন, এ ফলাফলের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অবিরাম অধ্যবসায় প্রধান ভূমিকা রেখেছে।
অধ্যক্ষ আরও বলেন, ক্যাডেট কলেজে অনুসরণ করা শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা প্রতি বছর একাডেমিক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ফলাফল করে আসছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় থাকলে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব—ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে সেটিই প্রমাণ করে আসছে।
এ সাফল্যে ক্যাডেট ও তাঁদের অভিভাবকদের কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।
প্রতিনিধি/আরএইচ