‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (‘র’) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনা না করার

2026-08-11T14:57:21+06:00
2026-08-11T14:57:21+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৫৭ পিএম 
ছবি: পিআইডি
ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (‘র’) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনা না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। 

তিনি বলেছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান যেমন কিছুদিন আগে ভারত সফর করেছেন, তেমনি সরকারি সফরের অংশ হিসেবেই ‘র’ প্রধান ঢাকায় এসেছেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে এ ধরনের যোগাযোগ স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধানকে নিয়ে অনেক জল্পনা-কল্পনা দেখা যাচ্ছে। তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটিও তাঁর একটি সফর এবং তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে সরকার প্রয়োজন মনে করলে কোনো বক্তব্য দিতে পারে। তবে এ নিয়ে জল্পনা করার কিছু নেই।

তিনি বলেন, অনেকে সফরটিকে গোপন হিসেবে দেখানোর চেষ্টা করছেন। অথচ বিষয়টি সংবাদমাধ্যমে এসেছে এবং দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগের বিষয়টি অস্বাভাবিক নয়। বাংলাদেশের গোয়েন্দা প্রধানও কিছুদিন আগে ভারত সফর করেছেন।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিবের দায়িত্বে রয়েছেন। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে গত রোববার দুপুরে সরকারি সফরে তিনি ঢাকায় আসেন। তাঁর সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়। তাই দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা থাকতেই হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের পুনর্বিন্যাস প্রয়োজন। অতীতে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, তা কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে এখন জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে হওয়া উচিত।

জাহেদ উর রহমান বলেন, ভারতের বক্তব্যেও এখন জনগণের সঙ্গে সম্পর্কের বিষয়টি উঠে আসছে। ফলে ভারতের গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়াটাই স্বাভাবিক।

তবে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করেছে, সেই ধরনের মনোভাব আর গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সঙ্গে যে ধরনের আচরণ ও আলোচনা করা প্রয়োজন, দুই দেশের সম্পর্ক সেই ভিত্তিতেই এগোতে হবে।

তিনি বলেন, ভারতের নিরাপত্তা নিয়ে ভারতের বক্তব্য থাকতে পারে, বাংলাদেশেরও নিজেদের নিরাপত্তা নিয়ে বক্তব্য থাকতে পারে। এসব বিষয়ে আলোচনা হবে। তবে সেই আলোচনা হতে হবে দুই স্বাধীন ও সার্বভৌম দেশের পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি

সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারের নেওয়া পদক্ষেপের কথাও জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে একজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতে আগামী ৩০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণাও দেওয়া হয়েছে।

বগুড়ায় নতুন সড়ক জোন

সড়ক যোগাযোগ খাতের অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, উত্তরাঞ্চলের সড়ক ব্যবস্থাপনা আধুনিক করতে বগুড়ায় নতুন সড়ক জোন চালু করা হয়েছে। এই জোনের আওতায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালিত হবে।

তিনি জানান, গত ৮ আগস্ট বগুড়ায় করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটি সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের যোগাযোগ এবং কৃষিপণ্য পরিবহন সহজ করবে।

নতুন ট্রেন ও জ্বালানি নীতিমালা

রেলওয়ে খাতের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, গত ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ৬৩০ আসনের নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু করা হয়েছে।

জ্বালানি খাতের বিষয়ে তিনি বলেন, বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য একটি নীতিমালার খসড়া প্রণয়ন করা হচ্ছে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সংকটের সময় সরকারি ব্যবস্থার সঙ্গে বেসরকারি খাতের বিনিয়োগ সক্ষমতাকে কাজে লাগানোই এই নীতিমালার মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতিও তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বন্দর চ্যানেলকে ঝুঁকিতে ফেলা জাহাজ ও এজেন্টকে জরিমানা
মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ২০০০ ছাড়াল
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]