কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পৌরসভা ও বাজার কমিটির সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে রূপান্তরের আয়োজনে এবং সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বড়বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রব। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী।
বক্তারা বলেন, সাতক্ষীরার শোভাবর্ধনকারী একমাত্র প্রাণসায়ের খালটি বর্তমানে বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খালটি বর্জ্যমুক্ত করা সম্ভব। খালটি বর্জ্যমুক্ত হলে এটিকে একটি মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, পাকাপোলের মোড় থেকে গার্লস স্কুলের ব্রিজ পর্যন্ত জনসাধারণের জন্য ওয়াকওয়ে, লাইটিং ও বসার স্থান অতি দ্রুত নির্মাণ করা হবে। পাশাপাশি এলাকাটিকে ধূমপানমুক্ত ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্য রাখেন আব্দুল আলিম, রাশেদুজ্জামান রাশেদ ও বিদ্যুৎ বসু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর এনজিওর সমন্বয়ক নাসরিন সুলতানা মৌ।
প্রতিনিধি/আরএইচ