গাজীপুরে তুরাগ নদীতে নৌকায় জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা ও গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দিয়ে মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) রাতে মহানগরীর সদর থানাধীন কারখানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোয়াজ্জেম হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের খালিশা বর্থা এলাকার মৃত মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কারখানা বাজার এলাকায় তুরাগ নদীতে একটি নৌকায় কয়েকজন ব্যক্তি জুয়ার আসর বসান। একপর্যায়ে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত নৌকাটিতে হামলা চালায়। এ সময় তারা এক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে।
গুলির শব্দে আতঙ্কিত হয়ে নৌকায় থাকা ব্যক্তিরা নদীতে ঝাঁপ দেন। তাঁদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোয়াজ্জেম হোসেন নিখোঁজ হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। নদী থেকে সাঁতরে তীরে ওঠা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ মোয়াজ্জেম হোসেনকে উদ্ধারে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, "নদীতে ঝাঁপ দেওয়ার পর গতকাল থেকে মোয়াজ্জেম হোসেন নিখোঁজ রয়েছেন। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।"
প্রতিনিধি/আরএইচ