যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন আপন বোন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
প্রতিবেশী মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে শিশুদের দাদি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে দেখেন পুকুরঘাটের সিঁড়ির নিচে তাদের দেহ ভাসছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাধারণত ওই পুকুরটিতে মানুষের আনাগোনা কম থাকে। যারা গোসল করতে আসেন, তাঁরাও দ্রুত কাজ সেরে চলে যান।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের স্পন্দন থেমে গিয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
দেশবার্তা/একে