হবিগঞ্জের বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে প্রহারের ঘটনায় শাহ আলম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত শাহ আলম আলী উপজেলার উত্তরসুর গ্রামের মৃত শিরাজ মিয়ার ছেলে।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনায় শাহ আলম আলীকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের ভিত্তিতে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। অভিযানে তাঁকে সহযোগিতা করেন উপজেলা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা।
উজ্জ্বল রায় বলেন, “মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও পারিবারিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
প্রতিনিধি/আরএইচ