সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বাদ জোহর রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেবি এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাহফিলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সংগঠনের নেতারা বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। দেশের সাধারণ মানুষ তাঁর এই অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ-র সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন এবং অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক (উপ মহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ ব্যাংকটির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে