দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজার’।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে বসবে এই বাজার।
আয়োজক প্রতিষ্ঠান ‘উইজার্ড শোবিজ’ এবং ভেন্যু পার্টনার ‘আইসিসিবি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর তথ্য জানাতে সম্প্রতি আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দেশের অটোমোবাইল বাজার দ্রুত সম্প্রসারিত হলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য একটি নিয়মিত মার্কেটপ্লেসের অভাব ছিল। এই আয়োজন সেই শূন্যতা পূরণ করবে।
বক্তারা আরও জানান, বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহনের তুলনা করার সুবিধা পাবেন, আর বিক্রেতারা সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।
আয়োজকরা জানান, প্রতি শুক্রবারের এই হাটে ব্যক্তিমালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাৎক্ষণিক ঋণ সুবিধা ও অন্যান্য আর্থিক সেবা পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। উপস্থিত অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
দেশবার্তা/কেএ/একে