ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগের দিন রাজধানী নয়াদিল্লির হাই কোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ একাধিক স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ‘খালিস্তান’ নাম ব্যবহার করে পাঠানো একটি ইমেইলে দিল্লির একাধিক স্থানে একযোগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা জানানো হয়।
‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’ শিরোনামের বার্তাটিতে দিল্লিকে বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র ‘খালিস্তান’ এ পরিণত করার হুমকি দেওয়া হয়েছে।
বার্তাটিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত দিনে দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে প্রথম বিস্ফোরণ ঘটানো হবে এবং এর ঠিক এক ঘণ্টা পর দিল্লির বিভিন্ন জেলা আদালতেও হামলা চালানো হবে।
ইমেইল বার্তায় দিল্লির বিচারব্যবস্থার সমালোচনা করে দাবি করা হয়, আদালতগুলোতে কেবল শিখদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হচ্ছে। এ ঘটনার প্রতিক্রিয়াতেই এই হামলার ছক কষা হয়েছে।
বার্তাতে দাবি করা হয়েছে, স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকা ‘খালিস্তান’ সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই দিল্লিতে অবস্থান নিয়েছেন।
হুমকির তালিকায় দিল্লি হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল ছাড়াও দিল্লির আরও অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ কার্যালয় ও স্থান রয়েছে।
এগুলোর মধ্যে জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত কার্যালয়, জেলা প্রশাসকের (ডিএম) কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (এসডিএম) কার্যালয় অন্যতম। এছাড়া দিল্লি মেট্রো এবং আমবালাগামী ট্রেনগুলোতেও হামলার হুমকি অন্তর্ভুক্ত ছিল।
হুমকিমূলক বার্তা পাওয়ার পরপরই চিহ্নিত এলাকাগুলোতে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে এবং দমকল বাহিনীর একাধিক গাড়ি তল্লাশির জন্য পাঠানো হয়েছে। তবে নিখুঁত অনুসন্ধানের পর এখন পর্যন্ত সন্দেহজনক কিছু বা কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দেশবার্তা/একে