রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘পিংক বাস’ নামে পরিচিত এই বিশেষ সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানে উদ্বোধন করবেন।
বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে নারী চালক ও কন্ডাক্টররা দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল ও মোহাম্মদপুর-মতিঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হবে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্যদিকে মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সংযুক্ত করবে।
রাজধানীর বাইরেও এই সেবার আওতা বাড়ানো হয়েছে। বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
বিআরটিসির প্রত্যাশা, নারীদের জন্য চালু করা এই বিশেষ বাস সার্ভিস গণপরিবহনে তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াবে। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণের সুযোগও আরও বিস্তৃত হবে।
প্রতিনিধি/ জেএ