গবেষণা ও উদ্ভাবননির্ভর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ডুয়েট) দেশের শ্রেষ্ঠ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার অঙ্গীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘ঐক্যের বন্ধনে অটুট ডুয়েট’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডুয়েট ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েট দীর্ঘদিন ধরে একাডেমিক উৎকর্ষ ও গবেষণায় অবদান রেখে আসছে। যুগোপযোগী ও টেকসই উন্নয়নের মাধ্যমে ডুয়েটকে স্বয়ংসম্পূর্ণ, উদ্ভাবন ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, ১৯৮০ সালে কলেজ অব ইঞ্জিনিয়ারিং, ঢাকা হিসেবে ডুয়েটের যাত্রা শুরু হয়। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
চতুর্থ শিল্পবিপ্লবের পর পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা ও নবায়নযোগ্য জ্বালানির মতো প্রযুক্তির দ্রুত বিকাশের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, এসব প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য ও সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জও বাড়ছে। এ পরিস্থিতিতে প্রকৌশল শিক্ষাকে যুগোপযোগী করা এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা ডুয়েটের প্রধান অগ্রাধিকার।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, ডুয়েটের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্রে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। গবেষণা, উদ্ভাবন ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশের টেকসই উন্নয়নে অবদান রাখাই ডুয়েটের লক্ষ্য।
এর আগে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ ও ডীনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজনে শিক্ষক বনাম ডুয়েট এলামনাই রশি টানাটানি ও প্রীতি ভলিবল ম্যাচ, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিনিধি/একে