অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। অনুসন্ধানী এই দলটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।
অনুসন্ধানের আওতায় আসা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এর মধ্যে অনৈতিক সুবিধা হাসিলে ঘুষ গ্রহণ, অর্থপাচার, বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি এবং স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব খাটানোর সুনির্দিষ্ট তথ্য রয়েছে।
সূত্রটি আরও জানায়, ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকাকালে ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপ এবং সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
দেশবার্তা/একে