চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে। এর ফলে সেখানকার প্রবাসী ও ছুটিতে দেশে আসা অনেক বাংলাদেশি চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় পড়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, সংযুক্ত আরব আমিরাত অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে এসব ভিসা বাতিল করছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন, ভিসা বাতিলের সংখ্যা বর্তমানে ৪ হাজার ৮০০-তে উন্নীত হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে জানতে চাওয়া হয়েছে, কেন এসব ভিসা বাতিল করা হচ্ছে এবং বিষয়টি এভাবে হওয়া উচিত নয়। একই সঙ্গে যাদের ভিসা বাতিল হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন, গত জুলাই মাস থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। এ-সংক্রান্ত বার্তা কারও ই-মেইলে, কারও মোবাইলে বা আবার সংশ্লিষ্ট কফিলের (নিয়োগকর্তা) কাছে পাঠানো হচ্ছে। অনেকেই ছুটি কাটাতে দেশে এসে ভিসা বাতিলের খবর জানতে পারছেন এবং পরবর্তীতে আমিরাতে ফিরতে পারছেন না।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগীদের অনেকে জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি সংক্রান্ত অভিযোগ নেই। আমিরাতে তাদের ব্যবসা ও পরিবার রয়েছে। হঠাৎ করে ভিসা বাতিল হওয়ায় দেশে আটকে পড়ে ব্যবসা-বাণিজ্য ও জীবিকা হারানোর বড় শঙ্কায় পড়েছেন তারা।
হঠাৎ একসঙ্গে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই সংকট নিরসনে দ্রুত কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
পরিস্থিতি বিশ্লেষণে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী জানান, এ পরিস্থিতির পেছনে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক থাকতে পারে। সংকট কাটাতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা অভিজ্ঞ বাংলাদেশিদের সংযোগ ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
এদিকে যেসব প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে, তাদের প্রয়োজনীয় তথ্য দূতাবাসের নির্ধারিত ই-মেইলে পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দেশবার্তা/একে