ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ মেলায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরীক্ষায় তার শরীরে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। গত ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি স্বাক্ষরিত হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশ নিতে তিনি পুলিশ সদর দপ্তর থেকে প্রস্থান করেন।
কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। ওই পরীক্ষায় চিকিৎসকরা ‘ইউরিন বেনজোডায়াজেপিনস (বিজেডও)’ এবং ‘অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন’ পজিটিভ পান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডোপ টেস্টের এই ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিষয়টিকে অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দেশবার্তা/একে