হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) বিমানবন্দরে বি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক রুট থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালান। তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ব্যাগেজ তল্লাশি করে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একটি ফ্লাইটের যাত্রী শেপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা।
এছাড়া গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এর মধ্যে কে এম তোফায়েল আহমেদ নামে এক যাত্রীর কাছ থেকে ৯৮টি এবং শামীমা আক্তার নামে অপর যাত্রীর কাছ থেকে ৪৬টি মোবাইল ডিসপ্লে পাওয়া যায়।
একই দিনে তিনটি ভিন্ন আন্তর্জাতিক রুট থেকে আসা যাত্রীদের ব্যাগেজে এভাবে অবৈধ পণ্য ব্যাগেজে পরিপোহন ও চোরাচালানের চেষ্টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনার নেপথ্যে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না এবং অভিযুক্ত যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
দেশবার্তা/একে