চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট লাগবে ও নিম্নআয়ের মানুষের পানির সংস্থানের জন্য আরও ৯৪টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ড্রিংকওয়েল ৬টি পানির এটিএম বুথ পরিচালনা করছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ড্রিংকওয়েলের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ড্রিংকওয়েল চট্টগ্রাম ওয়াসার পাম্প বা সরবরাহ লাইনের পানির গুণগত মান মূল্যায়ন করবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পানি শোধন ব্যবস্থার উদ্যোগও নেওয়া হবে। বুথ স্থাপনের জন্য চট্টগ্রাম ওয়াসার সহায়তায় জমি দেওয়া হবে এবং প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতির অর্থায়ন করবে ড্রিংকওয়েল। বুথের পানি বিক্রি অনুমোদিত কর্মী অথবা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।
কোনো বুথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ৪৮ ঘণ্টার মধ্যে তা সমাধানের নিশ্চয়তা দিয়েছে ড্রিংকওয়েল। কোনো বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে জনসাধারণের ভোগান্তি কমাতে বিকল্প সাময়িক পানি বিতরণ ব্যবস্থা চালুর কথাও চুক্তিতে রয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এটি শুধু একটি সমঝোতা স্মারক নয়; বরং চট্টগ্রাম নগরীর পানি সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব।
ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং এর সুফল সরাসরি নগরবাসীর কাছে পৌঁছাবে।
প্রতিনিধি/আরএইচ