চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল করেছে 'বন্দর রক্ষা কমিটি'।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগরীর বারিক বিল্ডিং এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশের অনুরোধে কর্মসূচি স্থগিত করা হয়।
মিছিল চলাকালে আন্দোলনকারীরা দেশের স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশাত্মবোধক ও অধিকার আদায়ের স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।
পরে বন্দর ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী দেলোয়ার মজুমদার উল্লেখ করেন, তাঁদের এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়, বরং জনগণের সরকারের কাছে দেশের সম্পদ রক্ষার দাবি পৌঁছে দেওয়ার লড়াই।
চট্টগ্রাম বন্দরকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে তিনি জানান, বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।
প্রশাসনের অনুরোধ মেনে সাময়িক সময়ের জন্য বিক্ষোভ মিছিল শেষ করা হলেও দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের ফটকে সকাল-সন্ধ্যা অবস্থান ধর্মঘটের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা কমিটি।
প্রতিনিধি/আরএইচ