টলিউডের আলোচিত ও সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আবারও ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে এসেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে একাকীত্ব ও স্থায়ী সঙ্গীর অভাব নিয়ে তাঁর মন্তব্য বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দাম্পত্য সম্পর্কের অবনতির পুরোনো জল্পনাকে উসকে দিয়েছে।
‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের একাকীত্ব, অতীত সম্পর্ক এবং প্রাক্তনদের সঙ্গে বর্তমান যোগাযোগ নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত।
অনুষ্ঠানে সঞ্চালিকা জানতে চান, জীবনের এই পর্যায়ে এসে তিনি কোনো ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন কি না এবং একাকীত্ব বোধ করেন কি না। জবাবে একাকীত্বের বিষয়টি সরাসরি স্বীকার করে সৃজিত বলেন, ‘কখনও কখনও করি... হ্যাঁ, কখনও কখনও।’
তবে একাকীত্ব তাঁকে দীর্ঘক্ষণ গ্রাস করে রাখতে পারে না উল্লেখ করে নির্মাতা জানান, কাজ, গান, ক্রিকেট এবং বন্ধুদের সঙ্গই তাঁর পৃথিবীকে আবারও আলোকিত করে তোলে।
সাক্ষাৎকারে অতীত সম্পর্ক নিয়েও কথা বলেন সৃজিত। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বা ঋতাভরী চক্রবর্তীর মতো প্রাক্তনদের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলালেও তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ এখনো বজায় রয়েছে বলে জানান তিনি।
স্বস্তিকার প্রসঙ্গে সৃজিত বলেন, তাঁর কোনো সমস্যা, প্রয়োজন কিংবা সংকট তৈরি হলে তিনি এক ফোন কলের দূরত্বে থাকবেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও বন্ধুত্ব টিকে থাকা প্রসঙ্গে পরিচালক বলেন, দুজন মানুষ যদি সত্যিকারের বন্ধু হন, তবে সম্পর্কের ধরন বদলে গেলেও স্নেহ ও উদ্বেগ থেকে যায়।
আড্ডায় সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলে সৃজিত জানান, একসময় তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার কোনো নির্দিষ্ট লেবেল তিনি দিতে চান না। সৃজিতের মতে, ‘সব সম্পর্কের লেবেল হয় না।’ সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমলেও বর্তমানে তাঁরা একে অপরের শুভাকাঙ্ক্ষী।
জীবনের এই পরিবর্তনকে রেলযাত্রার সঙ্গে তুলনা করে তিনি বলেন, জীবন একটি যাত্রা, যেখানে কেউ কয়েক স্টেশন পর নেমে যায় বা অন্য কোনো ট্রেনে ওঠে।
২০১৯ সালের ডিসেম্বরে সংগীত তারকা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। দাম্পত্য জীবনের প্রায় ছয় বছরে, বিশেষ করে গত তিন বছরে, তাঁদের বিচ্ছেদ নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে।
সর্বশেষ সাক্ষাৎকারে সরাসরি মিথিলার প্রসঙ্গ না উঠলেও জীবনের এই পর্যায়ে ‘স্থায়ী সঙ্গী’র অভাব এবং একাকীত্বের কথা সৃজিত নিজে বলায় নতুন করে প্রশ্ন উঠেছে- তবে কি মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেছে? তবে এই বক্তব্যকে সরাসরি বিচ্ছেদের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই, কারণ বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার কথা সৃজিত সরাসরি বলেননি। ফলে তাঁর মন্তব্যটি আপাতত নতুন জল্পনারই জন্ম দিয়েছে।
দেশবার্তা/একে