১১১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ এর মুকুট জয় করেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিনিধি জোহেইরি মোলা দোমিঙ্গেস। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফাইনালে তাঁর মাথায় এই বিশ্বসুন্দরীর খেতাব তুলে দেওয়া হয়।
বিশ্বমঞ্চে এই ঐতিহাসিক জয়ের আগে নিজ দেশেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন জোহেইরি মোলা। ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব জিতেই তিনি এই বিশ্ব আসরে অংশগ্রহণের সুযোগ পান। চূড়ান্ত পর্বে বৈশ্বিক প্রতিযোগীদের হারিয়ে সেই সাফল্যকে আরও উঁচুতে নিয়ে গেলেন এই সুন্দরী।
জোহেইরি মোলার পরিচয় কেবল গ্ল্যামার জগতেই সীমাবদ্ধ নয়; তিনি একাধারে একজন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের সহায়তায় তিনি ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি মানবিক উদ্যোগ পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে ইংরেজি শেখানো, মানসিক আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের উপযুক্ত দক্ষতা উন্নয়নে কাজ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন মালয়েশিয়ার প্রতিনিধি তানুসিয়া চেট্টি।
গ্র্যান্ড ফাইনালের মূল পর্ব শুরু হয় সেরা ৪০ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে। পরবর্তীতে ধাপে ধাপে সেরা ২০, সেরা ১২ এবং চূড়ান্ত সেরা ৬ জন প্রতিযোগী বাছাই করা হয়। সেরা ৬ জনের মধ্যে অনুষ্ঠিত নানামুখী প্রশ্নোত্তর পর্ব ও বিচক্ষণতা যাচাই শেষে বিচারকেরা চূড়ান্ত বিজয়ী হিসেবে জোহেইরির নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ৭৫ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এই প্রতিযোগিতাটি বর্তমানে বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। প্রাথমিক পর্বের কঠোর চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মূল মঞ্চের নানাবিধ যোগ্যতার নিরিখে প্রতি বছর বিচারকেরা বিশ্বসুন্দরী নির্বাচন করে থাকেন।
ভিয়েতনামে আয়োজিত এবারের ৭৫তম আসরে প্রথমবারের মতো অংশ নেয় ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ। অন্যদিকে ব্যক্তিগত কারণে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেন ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান ও টোগোর নাদিরাতু আফোলাবি।
এবারের আসরে অংশ নেওয়া মোট ১১১ জন প্রতিযোগীকে চারটি প্রধান মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া। এতে বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে প্রাথমিক ধাপে নিজ মহাদেশের সেরা ৬-এ জায়গা করে নিলেও মূল প্রতিযোগিতার সেরা ৪০-এ পৌঁছাতে পারেননি।
দেশবার্তা/একে