সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘সাদা দলের শিক্ষক’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
রোববার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এর আগে এটিএন নিউজের একটি টকশোতে উপস্থাপক মাশায়েখ শশীর সঞ্চালনায় আলোচক হিসেবে অংশ নেন অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ ও ড. মারুফ মল্লিক। ওই অনুষ্ঠানে উপাচার্যকে ভিন্ন কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে ইঙ্গিতপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সাদা দল’ নামে কোনো শিক্ষক সংগঠন নেই। বিএনপিপন্থী শিক্ষকদের মূল প্ল্যাটফর্ম হলো জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (NTF)। ফলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সাদা দলের শিক্ষক হিসেবে অভিহিত করা সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর।
এতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক কামরুল আহসান এই সংগঠনের একজন দীর্ঘদিনের দায়িত্বশীল নেতা। তিনি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফোরামের সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মনোনয়নে ২০০৫ ও ২০১৪ সালে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য উপস্থাপনকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীল বক্তব্য প্রদান এবং অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে গণমাধ্যম ও টকশো আলোচনায় ব্যক্তিগত বা রাজনৈতিক মতের ঊর্ধ্বে থেকে সত্য ও তথ্যনির্ভরতা বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
প্রতিনিধি/আরএইচ