বিএনপির সব কমিটির শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

দলের কেন্দ্র থেকে তৃণমূল—বিভিন্ন কমিটিতে শূন্য হওয়া পদগুলো পূরণে নিচের সারির নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই

2026-09-13T11:47:10+06:00
2026-09-13T11:47:10+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
স্থায়ী কমিটির বৈঠক
বিএনপির সব কমিটির শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম 
দলের কেন্দ্র থেকে তৃণমূল—বিভিন্ন কমিটিতে শূন্য হওয়া পদগুলো পূরণে নিচের সারির নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে সাংগঠনিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ডেঙ্গু ও জ্বালানি পরিস্থিতি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

স্থায়ী কমিটির এক সদস্য জানান, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে পদ শূন্য রয়েছে। কেউ মারা গেছেন, কেউ দলীয় কর্মকাণ্ডে নেই আবার কেউ বহিষ্কৃত হওয়ায় এসব পদ খালি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদ দ্রুত পূরণের বিষয়ে বৈঠকে মতামত নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন কমিটিতে শূন্য হওয়া পদগুলোতে সংশ্লিষ্ট পদগুলোর ঠিক নিচে থাকা নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে।

তিনি বলেন, দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে শূন্য পদগুলো পূরণ করা হবে। স্থানীয় সরকার নির্বাচন শুরুর আগেই এ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন প্রক্রিয়া

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়েও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। রুহুল কবির রিজভী জানান, এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের জন্য নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়েছে।

দলের সম্ভাব্য প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর পূরণ করা ফরম জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির সভায় মনোনয়ন বোর্ড হিসেবে বৈঠক করে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

রিজভী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চলছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই প্রার্থী বাছাই করা হবে।

তবে জাতীয় কাউন্সিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সরকারের নেওয়া কার্যক্রম মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সারাদেশে যে কার্যক্রম গ্রহণ করেছেন, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া জ্বালানি পরিস্থিতি নিয়েও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়। জ্বালানি সরবরাহ পরিস্থিতি কীভাবে স্বাভাবিক রাখা যায় এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায়, সে বিষয়ে সদস্যদের মতামত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সরকার গঠনের পর এটি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক। বৈঠকের শুরুতে স্থায়ী কমিটির নতুন চার সদস্য—ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাঈল জবিউল্লাহকে স্বাগত জানানো হয়।

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস বৈঠকে যোগ দেওয়ায় তার সুস্থতা কামনা করেন দলের নেতারা।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
মা হয়েছেন লেডি গাগা
২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির সন্ধান, জীবিত উদ্ধার ১০২
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]