রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রশাসনিক আদেশে তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করার সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপির আদেশে বলা হয়, প্রশাসনিক স্বার্থে উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। একই আদেশের ধারাবাহিকতায় গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকেও ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারসহ দুজনকে আটক করে। পরবর্তী কয়েক দিনের অভিযানে এ ঘটনায় জড়িত অভিযোগে অন্তত ৭৫ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘গুলশানে মিছিলের বিষয়ে আমাদের কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার জুমার নামাজের প্রাক্কালে কেএফসির আশপাশে সাধারণ মানুষের সমাগমকে সুযোগ হিসেবে নিয়ে তারা এই ঘটনা ঘটাবে, তা স্থানীয় পুলিশ হয়তো যথাযথভাবে অনুমান করতে পারেনি।’
জানা গেছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় এমন ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠায় দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
দেশবার্তা/একে