তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে।
মাহদী আমিন বলেন, সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে, ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করা ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
প্রবাসী আয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার)। সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
দেশবার্তা/একে