দেশীয় চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে একঝাঁক গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অনুষ্ঠিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন।
বাংলা চলচ্চিত্রে দুই শতাধিক ছবি প্রযোজনার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, ‘চলচ্চিত্র পরিচালক সমিতি ও মন্ত্রী মহোদয়দের প্রতি কৃতজ্ঞতা জানাই। এভাবে আমরা সবাই একত্রিত থাকলে আমাদের চলচ্চিত্র আরো এগিয়ে যাবে।’
এছাড়া চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেনকে সম্মাননা দেওয়া হয়। সংগীত খাতে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকেও সম্মাননা জানায় সমিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আগের সিনেমাগুলো আমরা শুধু দেখতামই না, সেগুলো আমাদের হৃদয়ে থেকে যেত। কোনো না কোনো ইতিবাচক বার্তা আমাদের হৃদয়ে গেঁথে থাকত। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব, আগামীতে এমন সিনেমা নির্মিত হবে, যেগুলো সবই আমাদের কথা বলবে। আমরা চাই এমন সিনেমা নির্মিত হোক, যেগুলো সমাজকে পরিবর্তন করবে।’
গুণীজনদের এই মূল্যায়নের পটভূমি তুলে ধরে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন জানান, প্রবীণ ও গুণী নির্মাতাদের কাজ থেকে শিক্ষা নিয়েই আমাদের চলচ্চিত্র এগিয়ে গিয়েছে।
মহাসচিব শাহীন কবির টুটুল বলেন, ‘যাদের মাধ্যমে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের অনেকেই হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পাননি। পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা সেই গুণীদের সম্মাননা জানিয়েছি। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তির দিনটিকে স্মরণীয় রাখতে প্রতিবছর ৩ আগস্ট আমরা এ দিনটি পালন করার চেষ্টা করব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা দিঘী এবং গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।
দেশবার্তা/একে