ক্যানসারের চিকিৎসায় চুল হারানোর পর নিজের নতুন লুক প্রকাশ করে জীবনের কঠিন সময়কে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করার বার্তা দিয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাথা ন্যাড়া করা ছবি শেয়ার করে তিনি জানান, নিজের এই নতুন রূপ নিয়ে তাঁর কোনো সংকোচ নেই।
সামিয়া আফরিন লেখেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে- যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে কোনো বিশেষ কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’
সৌন্দর্যের নতুন উপলব্ধি প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই নতুন চেহারাটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’
সামিয়া আরও যুক্ত করেন, ‘হ্যাঁ, আমি ন্যাড়া মাথায় আছি এবং নিজের এই আমিকে নিয়ে আমার কোনো সংকোচ নেই। আমার জীবনের প্রতিটি রূপের জন্যই আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ, এই সময়টাও একদিন পেরিয়ে যাবে।’
চিকিৎসকদের কাছ থেকে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার কথা জানার পর ভেঙে না পড়ে হাসিমুখে তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন সামিয়া। চুল ঝরে পড়ার অপেক্ষায় না থেকে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে চুল কেটে ছোট করেন এবং পরবর্তীতে মাথা পুরোপুরি ন্যাড়া করেন।
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। ২০২২ সালে তাঁর শরীরে প্রথম ক্যানসার (কোলন ক্যানসার) শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। ইমিউনোথেরাপি ও প্রায় দুই বছর চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। এরপর ক্যানসারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমে কাজ শুরু করেন তিনি।
তবে প্রায় তিন থেকে চার মাস আগে পরীক্ষায় তাঁর শরীরে আবারও ম্যালিগন্যান্ট শনাক্ত হয় এবং জরায়ুর ক্যানসার (ওভারিয়ান ক্যানসার) ধরা পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও নিজের সুস্থতার জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী ও উপস্থাপক। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন এবং খুব শিগগির তিনি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন- এমন প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।
দেশবার্তা/একে