রাজধানীর এলিফ্যান্ট রোড (সাইন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল মোড়) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কর্পোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সার্বিক সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, অভিযানকালে রাস্তার দুই পাশের সব প্রকার অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত চলাচলের উপযোগী করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর প্রদান এবং ফুটপাতে অবৈধভাবে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কিনা তা যাচাই করা হয়।
এছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ভবনের এসির পানি ফুটপাতে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা এবং এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি কর্পোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুই জন ব্যবসায়ীকে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
জনস্বার্থে ও নগরবাসীকে সুশৃঙ্খল ফুটপাত উপহার দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
দেশবার্তা/একে