রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া জানান, জাসদ নেতাদের কাছ থেকে নথিপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে যারা বয়োবৃদ্ধ ছিলেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিচয় শনাক্ত হওয়া ২৪৯ জনকে প্রাথমিক প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হয়েছে।
হেফাজতে রাখা ২৯ জনের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ওখান থেকে তাদের নিরাপদে সেভ করেছি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা হেফাজতে নিতে পেরেছিলাম।’
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।
জাসদের সভা অনুষ্ঠানের অনুমতির বিষয়ে জানতে চাইলে সাকিবুল আলম ভূঁইয়া বলেন, দলটি কর্মসূচির জন্য আবেদন করলেও তাদের সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়নি।
অন্য একটি পক্ষ কার্যালয়টি দখলের চেষ্টা করছে-এমন গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, কার্যালটি দখলের কোনো সুযোগ নেই। এটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।
এর আগে শনিবার দুপুরের পর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে-এমন খবর পেয়ে যুবদলের নেতা-কর্মীরা ভবনটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পল্টন থানা পুলিশ অভিযান চালায় এবং ভেতরে থাকা লোকজনকে হাতকড়া পরিয়ে একের পর এক প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যায়।
দেশবার্তা/একে