রাজধানীর পোস্তগোলায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজের পাশে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানটি উদ্ধারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এমন তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
দেশবার্তা/একে